

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এবারের দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২২৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে।
উত্তীর্ণদের মধ্যে ১৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৫৮ শতাংশ। এছাড়া ৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৪ অর্জন করেছে।
এ সাফল্যের ব্যাপারে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এইচ এম আবদুল্লাহ আল মামুন বাসসকে বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। আমরা শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সরেজমিন গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আনন্দের। ফলাফল প্রকাশের পর মাদরাসা কর্তৃপক্ষ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা বিভিন্ন বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় একাধিকবার প্রথম স্থান অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মোট ১৮ বার বোর্ডের মেধাতালিকায় স্থান পেয়েছে।
এ ছাড়া আলিম পরীক্ষায় জিপিএ-৫ সহ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। একাডেমিক সাফল্যের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায়ও তানযীমুল উম্মাহর শিক্ষার্থীরা একাধিকবার প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই তানযীমুল উম্মাহর অন্যতম লক্ষ্য।

