শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাদিক কায়েমকে অভিনন্দন জানালেন হাসনাত, জানালেন কিছু প্রত্যাশা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ এএম
সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহ 
expand
সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহ 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনের ফল ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

অভিনন্দন জানিয়ে হাসনাত শিক্ষার্থীদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় নতুন নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ করে তিনি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলা তথাকথিত “গেস্টরুম কালচার” বা নির্যাতনের প্রথা সম্পূর্ণ বন্ধ করার দাবি তোলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত লেখেন— ডাকসুর নবনির্বাচিত নেতাদের প্রতি তার প্রত্যাশা হলো, তারা যেন দলীয় স্বার্থ নয় বরং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দেন।

পাশাপাশি তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গেও মিলেমিশে শিক্ষার্থীদের জন্য কাজ করা উচিত।

সাধারণ সম্পাদক, সহ-সম্পাদকসহ সকল নির্বাচিত সদস্যদের উদ্দেশে তিনি লেখেন, “ক্যাম্পাসে সহনশীলতা, ন্যায়বিচার ও উদারতার পরিবেশ গড়ে তুলুন। শিক্ষার্থীরাই হোক আপনাদের অগ্রাধিকার।”

ঢাবি শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানান তিনি। তার মতে, নেতৃত্ব নির্বাচনের পর দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং তাদের কাজের ওপর নজর রাখতে হবে।

সাদিক কায়েমের প্রতি ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়ে হাসনাত বলেন, “সে আমার সহপাঠী ও বন্ধু। আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ রক্ষায় সাদিক আপোষহীন থাকবে।”

উল্লেখ্য, হাসনাত তার পোস্টে ২০২১ সালের ডিসেম্বর মাসে দেওয়া একটি পুরনো লেখা পুনঃপ্রকাশ করেন, যেখানে তিনি আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে ‘গেস্টরুম নির্যাতন প্রথা’র অবসান চেয়েছিলেন। তার দাবি— কোনো ব্যক্তিকে শাস্তি দিলেই হবে না, বরং যে সিস্টেম সহিংসতা ও নির্যাতন তৈরি করে, সেটিই ভেঙে দিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন