

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র জমা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে ভিসি ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করেছেন বলে মন্ত্রণালয় ও ভিসি দপ্তর সূত্রে জানা যায়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।
ঢাবি ভিসির প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে জানান, ভিসি মহোদয় শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণের পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিসি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতি কেটে গেছে, বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব পালনের একটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছি বলে আমি মনে করি এবং এখন সরে দাঁড়াতে চাই।
তিনি আরও বলেন, রাজনৈতিক সরকার যেন তার পরিকল্পনা অনুযায়ী প্রশাসন সাজাতে পারে—সেই সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত। প্রয়োজন হলে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
তবে পদত্যাগের বিষয়ে জানতে প্রফেসর ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ভিসির পদত্যাগ গ্রহণ ও নতুন নিয়োগ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহল।
মন্তব্য করুন

