

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আজ রবিবার (১৪ সেপ্টেম্বর)। এদিন থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম চালাতে পারবেন।
এর আগে মোট ১৪ জন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। এর মধ্যে রাকসুর ১১ জন এবং সিনেটের ৩ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাকসুর কোষাধ্যক্ষ দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ছিল এবং নির্ধারিত সময় শেষে মোট ১৪ জন তাদের প্রার্থিতা ফিরিয়ে নিয়েছেন।
এবারের নির্বাচনে এ পর্যন্ত ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্রভাবে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন।
ঘোষিত নয়টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত ‘আবীর-জীবন-এষা’ প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১’, ‘অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।
প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে রয়েছেন ভিপি পদে ২ জন, জিএস পদে ১ জন, ক্রীড়া সম্পাদক ১ জন, মিডিয়া ও প্রকাশনা সহসম্পাদক ১ জন, পরিবেশ ও সমাজকল্যাণ সহসম্পাদক ২ জন, নারী বিষয়ক সম্পাদক ১ জন, সংস্কৃতি সম্পাদক ১ জন, বিতর্ক সম্পাদক ১ জন, কার্যনির্বাহী সদস্য ১ জন এবং সিনেটে ৩ জন।
ম্যানুয়াল ভোট গণনার দাবির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমাদের প্রায় সব প্রস্তুতি শেষ হয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, হাতে গণনার দাবি কতটা যুক্তিযুক্ত। তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিক দাবি করলে কমিশন তা বিবেচনা করবে।”
মন্তব্য করুন
