শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদ মীর মুগ্ধর নামে ছাত্রশিবিরের ‘ওয়াটার কর্নার’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৮ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির
expand
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদ মীর মুগ্ধের নামে দুটি সুপেয় পানির ফিল্টার স্থাপন করেছে ছাত্রশিবির। এই উদ্যোগের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিরো পয়েন্ট ও শহিদ মিনারে সহজে পরিচ্ছন্ন পানি পান করতে পারবে।

মঙ্গলবার দুপুরে শহিদ মিনারে একটির উদ্বোধন করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী।

ছাত্রশিবির জানিয়েছে, এই ফিল্টারগুলো চাকসু নির্বাচনের পূর্বেই স্থাপন করার পরিকল্পনা ছিল, তবে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি কারণে তা সম্ভব হয়নি।

শাখার নেতারা মনে করেন, ক্যাম্পাসের এই দুটি গুরুত্বপূর্ণ স্থানে ফিল্টার স্থাপন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, আমাদের এই ছোট উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সুপেয় পানির সমস্যা কিছুটা হলেও কমানো সম্ভব হবে। এসব কাজ মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। তবে বারবার দাবি সত্ত্বেও প্রশাসন গড়িমসি, অনীহা ও দীর্ঘসূত্রতার কারণে এগুলো করতে পারেনি।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। কাটাপাহাড় দিয়ে এদিকে আসতে গেলে আমরা প্রায়ই তৃষ্ণার্ত হয়ে পড়ি। এখন পানির তৃষ্ণা মেটাতে পারব। টেস্ট করে দেখলাম, পানি মানের দিক থেকেও খুব ভালো।

শহিদ মীর মুগ্ধর নামে এই ‘ওয়াটার কর্নার’ স্থাপন শিক্ষার্থীদের সুবিধা এবং ক্যাম্পাসে পানির সহজলভ্যতা বৃদ্ধিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক ও চাকসু জিএস সাঈদ বিন হাবিব প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন