শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসুর সঙ্গে টিকা’র প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ 

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও তুরস্কের সরকারি উন্নয়ন সংস্থা Turkish Cooperation and Coordination Agency (TİKA)-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাউন্সিল কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জাকসু নেতৃবৃন্দ এবং টিকার ঢাকা অফিসের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সাক্ষাতে টিকার ঢাকাস্থ পরিচালক মোহাম্মেদ আলী আরমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য স্কিল ডেভেলপমেন্ট ল্যাব স্থাপন, চিকিৎসা সেবায় সহযোগিতা, এবং অবকাঠামোগত উন্নয়নে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “টিকা বাংলাদেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি পরিবেশবান্ধব ক্যাম্পাসে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রকল্প হাতে নেওয়ার বিষয়টি আমরা ইতিবাচকভাবে বিবেচনা করছি।”

সাক্ষাৎ শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন,আমরা টিকার কাছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে পূর্ণাঙ্গরূপে উন্নীত করার অনুরোধ জানিয়েছি। যদিও এ বছর তারা স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট একাধিক প্রকল্পে কাজ করছে, তবুও আংশিক সহায়তার আশ্বাস দিয়েছেন। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট ল্যাব স্থাপন ও বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষায় কাজ করার বিষয়ে তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

অন্যদিকে, জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন,“জাকসু সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শিক্ষাঙ্গনের আদর্শ রূপ গড়ে তুলতে ওয়েলফেয়ার কার্যক্রম অব্যাহত রাখবে।টিকার সঙ্গে এই সাক্ষাৎ ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও টেকসই উন্নয়ন প্রকল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।"

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসু নেতৃবৃন্দ টিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন