

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, আমরা বিজেপি বা তালেবানি ধাঁচে দেশ চালাতে চাই না। আমরা চাই, দেশটি জুলাইয়ের শহিদদের স্বপ্নের ভিত্তিতে পরিচালিত হোক।
সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, আমাদের দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম ছিল মুক্তির জন্য। কিন্তু সমাজের এক শ্রেণির বুদ্ধিজীবী, সাংবাদিক ও শিক্ষক শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে না গিয়ে বরং তার নির্যাতনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এদের মধ্যকার ভণ্ডামিই সমাজে অন্ধকার দীর্ঘায়িত করেছে।
তিনি আরও বলেন, সম্প্রতি প্রকাশিত গুম কমিশনের প্রতিবেদনে দেখা গেছে, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের সদস্যরাই দেশে সবচেয়ে বেশি গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। “বিএনপির পর এককভাবে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে শিবিরের নেতাকর্মীরা, যাদের অনেকেই এখনো নিখোঁজ,” বলেন তিনি।
ডাকসুর এই ভিপি বলেন, আমাদের সমাজে যৌক্তিক আলোচনা ও মুক্ত চিন্তার চর্চা অব্যাহত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকৃত অর্থে জ্ঞানচর্চার কেন্দ্র বানানো জরুরি। পাশের দেশ নেপালও একাডেমিক উন্নয়নে অনেক এগিয়ে গেছে, অথচ আমরা এখনও বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণানির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের আসল কাজ হলো জ্ঞানভিত্তিক ও নৈতিক মানুষ তৈরি করা। ইসলামী ছাত্রশিবির জ্ঞান ও মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।
বিতর্ক প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রানার্স আপ হয়। ফাইনাল বিতর্কে সেরা বিতার্কিক নির্বাচিত হন ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুকসানা মিতু।
‘ডাকসু নির্বাচনে এই সংসদ অরাজনৈতিক প্রার্থীদের সমর্থন দেবে’ শিরোনামে বিতর্ক অনুষ্ঠিত হয়। মোট ২৪টি দল এতে অংশ নেয়, প্রতিটি দলে ছিলেন ৩ জন বিতার্কিক। ট্যাব ফরম্যাটে আয়োজিত প্রতিযোগিতায় প্রতিটি দল তিন রাউন্ডে বিতর্ক করার সুযোগ পায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের জবি শাখা সভাপতি রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানটি উপভোগ করেন।
মন্তব্য করুন
