

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনের অধ্যাপক ড. শেখ মাহমুদুল হাসান।
রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে এবং এ পদে তিনি চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী উপ-উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্বও তিনি পালন করবেন। তবে প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শেখ মাহমুদুল হাসান বলেন, “আল্লাহ তায়ালা আমাকে এ দায়িত্ব দিয়েছেন। আমি আশা করি নিয়ম-নীতির মধ্যে থেকে সততা ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারব। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, অধ্যাপক ড. শেখ মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করেছেন। তার এ অভিজ্ঞতা যবিপ্রবির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তার সহকর্মীরা।