

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের নির্বাহী কমিটির সদস্যদের অংশগ্রহণে রাজশাহীতে অনুষ্ঠিত হলো সংগঠনটির বার্ষিক শিক্ষা সফর।
কর্মশালা, মতবিনিময় সভা এবং জেলার বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) এ আয়োজন সম্পন্ন হয়।
২৪ জুন ঢাকা পল্টন থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করে নির্বাহী কমিটির সদস্যরা। ২৫ জুন বৃহস্পতিবার সারাদিন নানামুখী কর্মসূচি বাস্তবায়ন শেষে ২৬ জুন সকালে ঢাকায় পৌঁছে ইসলামি লেখকদের এই দল।
সফরের অংশ হিসেবে ফোরামের প্রতিনিধিদল রাজশাহীর ঐতিহ্যবাহী জামিউল উলুম ইসলামিয়া দড়িখরবোনা মাদ্রাসায় ‘লেখালেখি বিষয়ক কর্মশালা’ পরিচালনা করে। কর্মশালায় লেখালেখির কৌশল, গবেষণাভিত্তিক রচনা এবং সমসাময়িক বুদ্ধিবৃত্তিক চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. সামিউল ইসলামের আমন্ত্রণে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে।
সফরকালে স্থানীয় আলেম, লেখক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে লেখালেখির মানোন্নয়ন, গবেষণা, অনুবাদ সাহিত্য, ছোট কাগজের বাস্তবতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ইসলামি বুদ্ধিবৃত্তিক অঙ্গনের বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও অনুবাদক ড. ইমতিয়াজ বিন মাহতাব,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. সামিউল ইসলাম, আরবি বিভাগের অধ্যাপক ড. আবু সালেহ তোহা, মুফতি আব্দুল্লাহ তালহা, মাওলানা হোসাইন আহমদ আজমী, মুফতি আতিকুর রহমান, ড. মাওলানা মহররম হোসাইন।
এছাড়া ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সভাপতি মুনীরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিন ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান জামীল, অর্থ সম্পাদক উবায়দুল হক খান, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নকীব মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজা হাসান, গবেষণা সম্পাদক জুবায়ের রশীদ এবং নির্বাহী সদস্য জাওয়াদ আহমাদ।
শিক্ষা সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল রাজশাহীর বিভিন্ন ঐতিহাসিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পুঠিয়া রাজবাড়ি, বাঘা শাহী মসজিদ, শাহ মখদুম (রহ.)-এর দরগাহ, পদ্মা নদীর টি-বাঁধ, রাজশাহীর বিখ্যাত আমবাগান, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ কাটাখালী এবং জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসা।
ফোরামের নেতৃবৃন্দ জানান, এ ধরনের শিক্ষা সফর সদস্যদের জ্ঞানচর্চা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, লেখালেখির দক্ষতা বৃদ্ধি এবং দেশের ঐতিহ্য ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভবিষ্যতেও ইসলামি সাহিত্য, গবেষণা ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
