

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। এ সময় তারা প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে সার্বিক সহযোগিতা ও ইতিবাচক পরামর্শ কামনা করেন।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, রাজনৈতিক সহাবস্থান, শিক্ষার্থীবান্ধব কর্মসূচি প্রণয়ন, সাংবাদিকতা ও শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়ন, এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকট ও সম্ভাবনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, “আমরা সবসময় ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।
একাডেমিক ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক প্রয়োজন ও স্বার্থে জাকসু সবসময় তাদের পাশে রয়েছে। সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বাস্তব চিত্র শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন— আমরা চাই এই সহযোগিতার ধারা অব্যাহত থাকুক।”
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে মুক্তচিন্তার বিকাশ ও গণতান্ত্রিক চর্চা জোরদারে প্রেসক্লাবসহ সাংবাদিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা চাই বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো সামনে আনতে সবাই একসঙ্গে কাজ করি। এছাড়াও ক্যাম্পাসে সাংস্কৃতিক ও রাজনৈতিক সহাবস্থান তৈরিতেও আমরা সাংবাদিকদের সহায়তা কামনা করছি।”
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ইসলাম নবনির্বাচিত জাকসু প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, “সাংবাদিকরা শুরু থেকেই জাকসু নির্বাচনের ব্যাপারে ইতিবাচক ভূমিকা রেখেছেন। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত জাকসু নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে আপনারা তাদের আস্থা অর্জন করেছেন।
এখন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবেন বলে আমরা প্রত্যাশা করছি। যেহেতু এটি একটি বিশ্ববিদ্যালয়, তাই শিক্ষা ও গবেষণা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে আশা রাখি।”
মন্তব্য করুন