

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চারটি ব্যাচের স্নাতক পর্যায়ের ১০৪ জন কৃতী শিক্ষার্থী এ সম্মাননায় ভূষিত হয়েছেন।
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদের মোট ১০৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২৪ জন, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ২৫ জন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ২৮ জন এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ২৭ জন শিক্ষার্থী এ সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার দীর্ঘ ২১ বছর পর প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে এ ধরনের স্বীকৃতির গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, যেকোনো পুরস্কার শিক্ষার্থীদের উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করে এবং তাদের দায়িত্ববোধ আরও বৃদ্ধি করে। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের মূল্যবান সময় অপচয় না করে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, আজকের দিনটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার মধ্যেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধা ও সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি দেশ ও সমাজের কল্যাণে তাদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদের জন্য যৌক্তিক বৃত্তির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সরকারের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষা সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।
এ ছাড়া বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা ও কৃতিত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলো, যা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।