

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ের প্রতি চলমান বাজেট বৈষম্যের প্রতিবাদ জানিয়েছেন জবি শাখা ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় তারা বাজেট বৃদ্ধি ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সম্পূরক বৃত্তি চালুর দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের প্ল্যাকার্ড নামিয়ে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত শিক্ষার্থীদের মেডেল, সনদ ও আর্থিক সম্মাননা প্রদান উপলক্ষে অনুষ্ঠানের মূল পর্ব চলছিল। শিক্ষামন্ত্রী অডিটোরিয়ামে আসন গ্রহণের পর বিশেষ অতিথিদের বক্তব্য চলাকালে ছাত্রশক্তির নেতারা হঠাৎ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতি বিদ্যমান বৈষম্যের বিষয়টি তুলে ধরেন।
প্রদর্শিত প্ল্যাকার্ডগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি, সম্পূরক বৃত্তি চালু এবং জবির ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। কয়েকটি প্ল্যাকার্ডে লেখা ছিল— “বেগম জিয়ার হাতে গড়া দুই দশকের ইতিহাস, বাজেটের পাতায় বৈষম্য আর জবিয়ানদের দীর্ঘশ্বাস”, “রাষ্ট্রীয় অঙ্গীকার, সম্পূরক বৃত্তি জবিয়ানদের অধিকার” এবং “রাজস্ব বাজেট বৃদ্ধি জবিয়ানদের অধিকার”।
এছাড়া একটি প্ল্যাকার্ডে দেশের অন্যান্য বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দের বৈষম্য ও ঘাটতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের এ প্রতিবাদের সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি শিক্ষামন্ত্রীকে বলেন, “আমাদের শিক্ষার্থীরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়নি; তারা শুধু বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বঞ্চনার বিষয়গুলো আপনার সামনে তুলে ধরেছে।”
পরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন প্ল্যাকার্ডধারী শিক্ষার্থীদের কাছে ডেকে তাদের দাবিগুলো শোনেন এবং ইতিবাচক আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নামিয়ে নিজ নিজ আসনে ফিরে যান।