বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৫:৪৬ পিএম
নোবিপ্রবিতে মানববন্ধন
expand
নোবিপ্রবিতে মানববন্ধন

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করেন। তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা ও মরদেহ দ্বিখণ্ডিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তনু হত্যা ও হাদি হত্যার মতো ঘটনার বিচার দীর্ঘদিন ঝুলে থাকায় অপরাধীরা উৎসাহ পাচ্ছে।

বক্তারা রামিসা ও হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, “আজ দেশে এবং নিজ বিশ্ববিদ্যালয়েও আমরা নিরাপদ বোধ করছি না। শিশু ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সচেতনতামূলক সভা-সেমিনারের আয়োজন বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, “অপরাধীদের দ্রুত ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমে আসবে।”

নোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, “রামিসা হত্যার প্রতিবাদে আমরা সংহতি প্রকাশ করছি। অপরাধীর কোনো দল নেই, তারা শুধু অপরাধী। আমরা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।”

এসিসিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে ১৮০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৮১ জনই শিশু।ধর্ষণের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি ভুক্তভোগী পরিবারগুলোকে বিচার চাইতেও নিরুৎসাহিত করছে।”

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিবি খাদিজা হলে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনারও প্রতিবাদ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন