

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ ৩৪ ঘণ্টার জন্য সাধারণ মানুষের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল এবং নীলক্ষেত গেট দিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডিধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময়ে প্রবেশ করতে পারবেন। যেসব কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র নেই, তারা জরুরি প্রয়োজনে প্রক্টর অফিস থেকে বিশেষ নিরাপত্তা পাস সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী পরিবহন, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি) ব্যতীত অন্য কোনো যানবাহন এ সময় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। আর হল সংসদে প্রার্থী হয়েছেন মোট ১,০৩৫ জন। নির্বাচনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
মন্তব্য করুন
