বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে অগ্নি নির্বাপক যন্ত্র মেয়াদোত্তীর্ণ 

কুবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম
অগ্নি নির্বাপক যন্ত্র
expand
অগ্নি নির্বাপক যন্ত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আগুন নেভানোর কাজে ব্যবহার হওয়া অগ্নি নির্বাপক যন্ত্রের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন একাডেমিক ভবন,পাচঁটি হল ও একটি প্রশাসনিক ভবনে অগ্নিনির্বাপক যন্ত্রের সংখ্যা প্রয়োজনের তুলনায় নগণ্য। আবার যেগুলো আছে তাদের অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। ফলে বিশ্ববিদ্যালয় অনাকাঙ্খিত যে কোনো অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, দপ্তর, আবাসিক হল, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় মসজিদ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের চলাচলের জায়গাগুলোতে অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় একমাত্র ভরসা অগ্নিনির্বাপক যন্ত্র - যা মেয়াদোত্তীর্ণ।

বিভিন্ন আবাসিক হল থেকে শুরু করে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে নতুন-পুরনো মোট ৪৪৬ টি অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর মেয়াদ চলতি বছরের ১৭ মার্চ শেষ হওয়ার পরও সেগুলো পুন:প্রতিস্থাপন করার জন্য এখনও সরিয়ে নেওয়া হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরের অফিসের সামনের অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ শেষ হয়ে গেলেও সেগুলো এখনও রিফিল বা পরিবর্তন করা হয়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা থেকে বলা হয়েছে, খুব দ্রুতই এসব অগ্নিনির্বাপক যন্ত্র পুনরায় ভর্তি করা হবে।

এ বিষয়ে নিরাপত্তা শাখার দায়িত্বে থাকা (সহকারী রেজিস্ট্রার) মোহাম্মদ সাদেক হোসাইন মজুমদার বলেন, "আমরা টেন্ডারে দিয়েছি,টেন্ডার লাইভে আছে। মে মাসের ৩ তারিখ আমরা আবেদনগুলো দেখবো। পেয়ে গেলে আমরা পরিবর্তনের কাজ শুরু করবো।"

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, "আমরা টেন্ডারে দিয়েছি এবং আমি সাইনও করেছি। আশাকরি শিগগিরই নতুন করে লাগানো হবে ।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন