বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎ঈশ্বরদী কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম
ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ।। ছবি: সংগৃহীত
expand
ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ।। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে থেমে থেমে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিলের ডাক দেয় কলেজ শাখা ছাত্রশিবির। মিছিলটি কলেজের মূল ফটকের দিকে অগ্রসর হলে তারা ‘গুপ্ত বলিস কাদের কে, তুই ছিলি লন্ডনে’, ‘রগ কাটে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘হাবিবের দুই গালে, জুতা মারো তালে তালেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একটি ভিডিওতে দেখা যায়, শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের মূল ফটকের দিকে যাচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা অপরদিক থেকে হামলা করে। এতে গুলির শব্দও শোনা যায়। এরপরই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‎সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎ছাত্রদলের কলেজ শাখার সহ-সভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করে বলেন, কলেজে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। হঠাৎ ১০০-১৫০ জন শিবিরকর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পাশাপাশি ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়।

ঈশ্বরদী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সজীব হাসান বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির জন্য কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া ছিল। মিছিল নিয়ে কলেজ গেটের সামনে পৌঁছামাত্র ছাত্রদলের নেতা-কর্মীরা আমাদের ওপর অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে।’

‎ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা নেই।

‎এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, উভয় পক্ষের নেতা-কর্মীরা এলাকা ছেড়ে চলে যাওয়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক। কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন