

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ব্যয় সংকোচন নীতিমালার অংশ হিসেবে সপ্তাহে একদিন অনলাইনে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
বুধবার (২২ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও দাফতরিক কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে।
তবে অনলাইন কার্যক্রমের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বৈশ্বিক এ দুর্যোগকালীন সময়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে আমাদের সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে।
তবে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, সপ্তাহে অন্তত একদিন পরিবহন কার্যক্রম বন্ধ রাখা গেলে জ্বালানি খাতে উল্লেখযোগ্য ব্যয় সাশ্রয় সম্ভব হবে।
এ সময় বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও ছাত্রকল্যাণ পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন