

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সংক্রান্ত রিট করা এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া ছাত্র আলী হুসেন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত — এমন দাবি তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আবদুল কাদের। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
গতকাল (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে কাদের বলেন, “এ ধরনের হুমকি দেওয়ার পরও কেউ যদি ছাত্র হিসেবে থাকতে পারে, সেটি অবাক করার মতো। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
তিনি আরও জানান, “ছাত্রশিবির এখনো প্রকাশ্যে তাদের কমিটি ঘোষণা করে না, তাই কারা শিবিরের সদস্য তা নির্ধারণ কঠিন। তবে আলী হুসেনের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমে শিবির–সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে।”
অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরের নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদ জানান, “যাকে শিবিরের কর্মী হিসেবে প্রচার করা হচ্ছে, এটি ভিত্তিহীন অপপ্রচার। আমরা নিজেরাই প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি, যাতে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”
এর আগে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলের একজন প্রার্থী। রিটে অভিযোগ ছিল, ৫ আগস্টের আগে ফরহাদ ছাত্রলীগের কমিটিতে ছিলেন, এরপরও তিনি শিবির–সমর্থিত জোটের প্রার্থী হয়েছেন।
সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলেও পরে চেম্বার আদালত তা প্রত্যাহার করেন। এ সময় ফেসবুকে এক পোস্টে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আলী হুসেন, যিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার পোস্টে লেখা ছিল, “হাইকোর্টের বিপক্ষে আন্দোলনের আগে ওই ছাত্রীকে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।”
ঘটনার নিন্দা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন বলেন, “৫ আগস্টের পরও আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হেনস্তার ঘটনা দেখছি। আমরা ভেবেছিলাম নারীদের জন্য সহনশীল পরিবেশ ফিরবে, কিন্তু এখনও তারা অপমানের শিকার হচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমরা সব ছাত্রসংগঠনকে আহ্বান করছি, নারীদের যৌনভাবে আক্রমণ না করে রাজনৈতিকভাবে প্রতিরোধ করুন।”
মন্তব্য করুন
