শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
রাকিবুল হাসান
expand
রাকিবুল হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ অধিকাংশ পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। তবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল সবচেয়ে বেশি—মোট ৪৫ জন প্রার্থী। এর মধ্যে প্রায় অর্ধেকই পেয়েছেন ১০ ভোটের কম। কারও প্রাপ্ত ভোট ১, কারও ২ কিংবা ৩।

ভিপি পদে মাত্র একটি ভোট পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান। মজার ব্যাপার হলো, নিজের জন্য তিনি নিজে ভোট দেননি। তার ভোট দিয়েছেন আরেকজন প্রার্থীকে। ফলে যে একমাত্র ভোট তিনি পেয়েছেন, সেটি এসেছে বেগম রোকেয়া হল থেকে।

এই ভোটারকে খুঁজতে ইতোমধ্যে ফেসবুকে পোস্ট দিয়েছেন রাকিবুল। মজা করেই জানিয়েছেন—যদি সেই নারী ভোটারের খোঁজ পান, তবে তাকে বিয়েও করতে রাজি আছেন। তবে এখনো তিনি ভোটারের পরিচয় পাননি।

রাকিবুলের মতো আরও দুজন ভিপি প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন—মো. সুজন হোসেন ও রাসেল হক। এছাড়া ২টি করে ভোট পেয়েছেন মো. নাসিম উদ্দিন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাকিবুল জানান, ডাকসু নির্বাচনে অংশ নেওয়া তার বহুদিনের স্বপ্ন ছিল। এবার সে সুযোগ আসায় জেতা নয়, বরং প্রার্থী হতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় অর্জন। তিনি বলেন, নিজের ভোট যাতে নষ্ট না হয়, তাই সেটা দিয়েছেন একজন পছন্দের প্রার্থীকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন