শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সভা ২০ অক্টোবর

সাইফুল ইসলাম সাব্বির
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করতে অংশীজনদের মতামত গ্রহণের জন্য আগামী ২০ অক্টোবর বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।

১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত স্মারকে জানানো হয়েছে, সভাটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে (ভবন ৬, কক্ষ ১৮১৫) অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে স্মারকটি প্রকাশ করা হয়।

সভায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে (একজন প্রতিনিধি প্রেরণের অনুরোধসহ), ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে, অতিরিক্ত সচিব (কলেজ ও বিশ্ববিদ্যালয়), যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা–২) এবং সরকারি সাত কলেজের অধ্যক্ষদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এ ছাড়া ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

পাঁচজন প্রতিনিধিসহ বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনকেও সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

চলতি বছরের ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।

সংশ্লিষ্ট সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

শিক্ষা মন্ত্রণালয় অংশীজনদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন