শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু নির্বাচনের ব্যালট পেপারে থাকবে ৮ ধরনের নিরাপত্তা চিহ্ন

রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
রাকসু নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন
expand
রাকসু নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন করেছে নির্বাচন কমিশন।

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

তিনি বলেন, “রাকসু নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের প্রতীক। দীর্ঘ বিরতির পর এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ ও দায়িত্ববোধ গঠনের এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে।

নির্বাচন কমিশনার আরও বলেন, “নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সংবাদ পরিবেশনে আপনাদের নিরপেক্ষতা ও ইতিবাচকতা বজায় রাখার আহ্বান জানাই।”

তিনি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। লক্ষ্য একটিই—একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এজন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে ক্যাম্পাসে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যালট পেপারে ৮ ধরনের নিরাপত্তা চিহ্ন (সিকিউরিটি মার্ক) রাখা হয়েছে।

রাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, ভোটার সংখ্যা: ২৮,৯০১ জন, প্রার্থী সংখ্যা: ৮৬০ জন, ভোটকেন্দ্র: ১৭টি (৯টি একাডেমিক ভবনে), কেন্দ্রীয় রাকসুর পদ: ২৩টি (প্রার্থী ৩০৫ জন), সিনেটের পদ: ৫টি (প্রার্থী ৫৮ জন), হল সংসদের পদ: ২৫৫টি (প্রার্থী ৫৫৫ জন), ভোটার লিঙ্গ অনুপাত: নারী ৩৯.১%, পুরুষ ৬০.৯% ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা।

মোট ২১২ জন শিক্ষকের মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার এবং বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে থাকবেন। এছাড়া ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে কাজ করবেন।

নিরাপত্তা ব্যবস্থায় দুই হাজার পুলিশ, ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়েছে। পুরো ক্যাম্পাস থাকবে সিসিটিভি নজরদারিতে, এবং ভোটগ্রহণে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।

এছাড়া ফলাফল প্রস্তুতের জন্য একটি অভিজ্ঞ গণনা ও ফলাফল প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা প্রত্যাশা করি, সব প্রার্থী, সমর্থক ও ভোটার নির্বাচনের নিয়ম মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন