

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে এক আমেরিকান প্রবাসীকে জোরপূর্বক আটকে রেখে তিন ভরি স্বর্ণের চেন, নগদ টাকা ও দামি আইফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস এবং স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক গাজী জুয়েলসহ কয়েকজন রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন ভুক্তভোগী প্রবাসী মাসুদ রানা। তিনি মহানগর দক্ষিণ যুবদলের সাবেক নেতা। দীর্ঘদিন আমেরিকায় প্রবাসজীবন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ রানা জানান, রাতের খাবারের উদ্দেশ্যে নোয়াখালী ক্লাবে যাওয়ার পথে জুলহাস, গাজী জুয়েল, মাসুদ রানা সোহেল এবং এসি সেলিমসহ বেশ কয়েকজন তার গতিপথ রোধ করে। পরবর্তীতে তাকে জোরপূর্বক ক্লাবের ভেতরে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তার কাছে থাকা ৩ ভরি ওজনের স্বর্ণের চেন, নগদ ৬০ হাজার টাকা এবং একটি আইফোন-১৬ ছিনিয়ে নেয় অভিযুক্তরা।
ভুক্তভোগী প্রবাসী আরও জানান, ঘটনা প্রকাশ করলে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তিনি কোনো মতে জীবন বাঁচিয়ে স্থানটি ত্যাগ করতে সক্ষম হন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অভিযুক্ত গাজী জুয়েল এর আগেও বিভিন্ন সময়ে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এই প্রবাসী।

