

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার আমতলীতে তিন একর জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নীলগঞ্জ এলাকার আবুল গাজী ও রুস্তম হাওলাদারের মধ্যে প্রায় তিন একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আবুল গাজীর দাবি, বিরোধপূর্ণ ওই জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
রোববার সকালে রুস্তম হাওলাদার লোকজন নিয়ে ওই জমিতে চাষাবাদ শুরু করেন। এ সময় আবুল গাজীর লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন আবুল হোসেন গাজী (৫০), রুবেল মোল্লা (৪৫), খোকন (৩৫), মহসীন গাজী (২৮), জলিল গাজী (৪৪), জাহিদুল (৩৫), আহানুর (৩০), সোনিয়া (৩৫), সোহেল মোল্লা (৪০), ফয়সাল (২৫), মাহবুবুর রহমান (৩২), ইমরান (২৪), সাইদুল গাজী (৪০), আমিনুল ইসলাম (১৬), দুলাল মুসুল্লী (৫৫), লুৎফর (৫৫), রুস্তম হাওলাদার (৭৫), পাশা হাওলাদার (৪৫), নশা হাওলাদার (৩৫) ও কাছেম আলী হাওলাদার (৬০)।
আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে রুবেল মোল্লা, জলিল গাজী ও মাহবুবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আবুল গাজী অভিযোগ করে বলেন, বিরোধপূর্ণ পৈতৃক জমিতে রুস্তম হাওলাদার লোকজন নিয়ে জোর করে চাষাবাদ করতে আসেন। তাঁরা বাধা দিলে তাঁদের ওপর হামলা করা হয়। ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে রুস্তম হাওলাদার বলেন, নিজের জমিতে চাষাবাদ করতে গেলে আবুল গাজী ও তার লোকজন বাধা দেন। এ সময় সংঘর্ষে তার পক্ষের চারজন আহত হয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

