

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে মিষ্টি সুভাসকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার পর তাকে কাঠগড়ায় নেওয়ার জন্য হাজতখানা থেকে বের করা হলে হঠাৎ অসুস্থ হয়ে মাথা ঘুরে মাটিতে পড়ে যান তিনি। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধরে আবার হাজতখানায় নিয়ে যান। কিছুটা সুস্থ বোধ করলে তাকে ফের আদালতের কাঠগড়ায় তোলা হয়।
শুনানি চলাকালে বিচারকের কাছে কথা বলার অনুমতি চান মিষ্টি সুভাস। অনুমতি পেয়ে তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলেন তিনি। এটিকে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে এবং তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন। জামিন পাওয়ার পর একের পর এক মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’
এ সময় আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত মিষ্টি সুভাসকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন মিষ্টি সুভাস। পরে তাকে আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় ছিলেন তিনি।
এর মধ্যে গত ৯ সেপ্টেম্বর কারাগারে থাকা মিষ্টি সুভাসকে নতুন করে আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আতোয়ার রহমান। সেদিন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন কিশোর মো. আবির। ওই সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। হামলায় গুলিবিদ্ধ হয়ে আবির গুরুতর আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ অক্টোবর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।

