শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে যুবদল নেতার চাঁদাবাজি, এবার ফ্ল্যাট ছাড়ার হুমকি!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:১৯ এএম
শুক্রবার রাতে ওয়াদুদ নিপার বাসায় প্রবেশ করেন চারজন
expand
শুক্রবার রাতে ওয়াদুদ নিপার বাসায় প্রবেশ করেন চারজন

রাজধানীর মগবাজারের নয়াটোলা এলাকায় এক নারী ভয়ংকর চাঁদাবাজি ও হুমকির ঘটনার শিকার হয়েছেন।

নিজেদের “যুবদল কর্মী” পরিচয় দিয়ে কয়েক যুবক তার বাসায় প্রবেশ করে টাকা আদায় ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রায় এক দশক আগে স্বামীকে হারানো শারমিন ওয়াদুদ নিপা দুই সন্তান নিয়ে ওই এলাকায় বসবাস করেন।

স্বামীর রেখে যাওয়া একটি ফ্ল্যাট ও দোকান ভাড়া দিয়েই তার সংসার চলে।

পরিবার নিয়ে শান্ত জীবন কাটালেও হঠাৎই এক অপ্রত্যাশিত ঘটনায় তিনি চরম আতঙ্কে পড়েছেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার গভীর রাতে নয়াটোলার গ্রীনওয়ে এলাকার ৬৫৩ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত তার ফ্ল্যাটে তিন যুবক প্রবেশ করে।

তারা নিজেদের হাতিরঝিল থানা যুবদলের সদস্য ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দেয়। এরপর তাকে “আওয়ামী লীগের সহযোগী” বলে অভিযুক্ত করে ভয়ভীতি প্রদর্শন করে।

অভিযোগে বলা হয়েছে, ওই যুবকেরা অস্ত্রের মুখে জোরপূর্বক ৮০ হাজার টাকা এবং ২০ হাজার টাকার একটি খালি চেক নিয়ে যায়। চলে যাওয়ার আগে তারা হুমকি দেয়, “ঘটনা প্রকাশ করলে মা-ছেলেকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হবে।”

পরদিন রাতেও তারা আবার ফ্ল্যাটে গিয়ে বাসা ছেড়ে না দিলে পরিণতি ভালো হবে না বলে হুমকি দেয়। বর্তমানে নিপা ও তার সন্তানরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২৫) ও সানি (৩৫) নামে চারজনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন শারমিন ওয়াদুদ নিপা। পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

হাতিরঝিল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাঈম বলেন, ‘আমরা এখনো কাউকে আটক বা গ্রেফতার করতে পারিনি। তদন্তের জন্য আমরা সোমবার বিকেলে সেই বাসায় গিয়েছিলাম।’

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, অভিযোগটি পাওয়ার পর তদন্ত প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন