শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিটার চুরি করে মোবাইল নম্বর দিচ্ছে চোর, টাকা পাঠালেই ফেরত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার কয়েকটি এলাকায় থ্রি-ফেজ বৈদ্যুতিক মিটার চুরি করে চোরেরা মোবাইল নম্বর রেখে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নম্বরে যোগাযোগ করলে চোররা টাকা দাবি করছে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিলে অনেক ক্ষেত্রে চুরি হওয়া মিটার ফেরত মিলছে।

গত কয়েক রাতের মধ্যে হাতিকাটা, আলুকদিয়া ও ভালাইপুর এলাকায় প্রায় অর্ধশত মিটার চুরি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ৪ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত দিয়ে চুরি হওয়া মিটার ফেরত পাওয়া যাচ্ছে। তবে কেউ কেউ টাকা দেওয়া সত্ত্বেও মিটার ফেরত পাচ্ছেন না।

স্থানীয়রা বলেন, “এক রাতেই ২৩টি মিটার চুরি হয়ে গেছে। চোরের হয়রানিতে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।” বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পুলিশের তৎপরতা না থাকার অভিযোগও উঠেছে।

চুয়াডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, চুরি হওয়া মিটারগুলো ব্যবহারযোগ্য নয়, কারণ সেগুলো সিল করা থাকে। চোরেরা সিল ভাঙতে পারে না, তবে মধ্যস্থতাকারী হিসেবে মুক্তিপণ আদায় করছে।

চুয়াডাঙ্গা সিআইসি পরিদর্শক মোহাম্মদ সামসুদ্দোহা বলেন, পুলিশের একাধিক টিম মিটার চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ ধরনের চুরি মেহেরপুরের বারাদি, আমঝুপি ও চাঁদবিল এলাকাতেও ঘটছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন