

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মেট্রোরেলের যাত্রীদের জন্য নতুন নিয়ম কার্যকর হয়েছে। স্টেশনে কার্ড স্ক্যান করে প্রবেশের পর যদি কেউ ট্রেনে না চড়ে বেরিয়ে যান, তবুও তাকে দিতে হবে ১০০ টাকা ভাড়া। নতুন এই নিয়ম সোমবার (২০ অক্টোবর) থেকে চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এর আগে, কোনো যাত্রী স্টেশনে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে ভাড়া কাটা হতো না। তবে নতুন নিয়মে সেই সুবিধা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনের প্রবেশদ্বারে নতুন নিয়মের নোটিশ টাঙানো হয়েছে। নোটিশে লেখা রয়েছে:
“সম্মানিত যাত্রীগণ, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ করা হয়েছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে, ডিএমটিসিএল কর্তৃপক্ষ।”
কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এখন থেকে স্টেশনের ভেতরে গিয়ে ফ্রি এক্সিট নেওয়া যাবে না। নিয়মটি গতকাল থেকে কার্যকর হয়েছে।”
তবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এই নতুন নিয়ম সম্পর্কে অবগত নন। তাদের মূল ফোকাস বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তা বিষয় নিশ্চিত করার দিকে।
নতুন নিয়মটি চালুর পর যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ ফেসবুক গ্রুপে এ বিষয়ে প্রকাশিত একটি পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকের বক্তব্য, জরুরি প্রয়োজনে বা অসুস্থ হয়ে স্টেশন থেকে বের হতে গেলে ১০০ টাকা কাটার নিয়ম অন্যায়। কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, ভাড়া ফাঁকি রোধ করতে চাইলে ন্যূনতম কিছু টাকা কাটা যেতে পারে, কিন্তু সবার জন্য ১০০ টাকা নির্ধারণ করা যৌক্তিক নয়।
মন্তব্য করুন
