শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী থানার গেটের তালা খুলে পালালেন হত্যা মামলার নারী আসামি

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে হত্যা মামলায় রিমান্ডে থাকা এক নারী আসামি পালিয়ে গেছেন—এমন অভিযোগ উঠেছে। মিতু আক্তার নামে ওই নারী তিন দিনের রিমান্ডে ছিলেন। তবে থানা পুলিশ এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

গণমাধ্যমে ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহসিন মাসুদ আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিতু নামের ওই নারী একটি হত্যা মামলায় গ্রেপ্তার ছিলেন। বৃহস্পতিবার রিমান্ড শেষে আদালতে হাজিরের আগে তিনি কৌশলে পালিয়ে যান। তাকে খুঁজে বের করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার একটি সূত্রের বরাতে জানা যায়, হত্যা মামলায় গ্রেপ্তার মিতু আক্তারকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ছিল তার রিমান্ডের শেষ দিন। নিয়ম অনুযায়ী, দুপুরে তাকে আদালতে হাজির করার কথা ছিল।

সূত্রের দাবি, আদালতে হাজির করার আগেই বৃহস্পতিবার সকালে কৌশলে থানার গেটের তালা খুলে মিতু আক্তার পালিয়ে যান। নারী আসামিদের সাধারণত হ্যান্ডকাফ না পরানোর সুযোগ কাজে লাগিয়ে তিনি থানা থেকে বেরিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আইন ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এনপিবি নিউজকে বলেন, ‘আমরাও বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনেছি। তবে সংশ্লিষ্ট থানা থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা যায়নি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন