

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার মিরপুর-১০ নম্বর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।
খবর পেয়ে এ দুই স্থানে গেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক শনিবার দুপুরে বলেন, একসঙ্গে দুই জায়গায় বোমা পাওয়ার খবর পাওয়া গেছে, মিরপুর ও তেজগাঁওয়ে। আমাদের টিম কাজ করছে।
মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোস্তাক সরকার ১২টা ৫০ মিনিটের দিকে বলেন, একটু আগেই খবর পেয়েছি। সিটিটিসি এসেছে, তারা বিষয়টি দেখছে। আপাতত বলা যাচ্ছে না, এটি আইইডি কি না।
ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ওঠা-নামার নির্দেশনামূলক বোর্ডের উপরে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে একটি পিলারের কাছে একটি বস্তা পাওয়া গেছে। সন্দেহজনক হওয়ায় আমরা বোম ডিসপোজাল ইউনিটকে ডেকেছি।
ঘটনাস্থলে পুলিশের একটি টিমসহ তেজগাঁও থানার ওসি ক্যশৈনু মারমা উপস্থিত রয়েছেন।
তিনি বলেন, ভেতরে কিছু থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু এ নিয়ে অবহেলা তো করা যাবে না। তাই বোম্ব ডিসপোজাল ইউনিটকে আমরা খবর দিয়েছি।
এর মধ্যে বেলা ১টা ২৮ মিনিটে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে এখনো পাশ দিয়ে সাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে।