সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য নতুন নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও মেস সদস্যদের তথ্য নিবন্ধনের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ জন্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) কার্যক্রমের আওতায় নাগরিকদের তথ্য সংগ্রহ ও হালনাগাদ করা হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে বসবাসকারী বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও মেস সদস্যদের মৌলিক তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রম আরও কার্যকর হবে এবং অপরাধ প্রতিরোধ, তদন্ত, নিখোঁজ ব্যক্তি শনাক্ত, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় যাচাই ও জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য সংগ্রহ সহজ হবে।

ডিএমপি ২০১৬ সালের ১ সেপ্টেম্বর রমনা থানা থেকে সফটওয়্যারভিত্তিক সিআইএমএস কার্যক্রম চালু করে। ২০১৭ সালে এটি রাজধানীর সব থানায় সম্প্রসারণ করা হয়। পরে ২০১৯ সালে নাগরিকদের নিবন্ধন সহজ করতে চালু করা হয় সিআইএমএস মোবাইল অ্যাপ।

বর্তমানে সিআইএমএস ডাটাবেজে প্রায় ৩৬ লাখ ৭৩ হাজার ২৩৮টি পরিবারের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এতে ৫০ লাখের বেশি নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে। ডিএমপির ভাষ্য, ব্যক্তি ও রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রমে রাজধানীর সব নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।

নিবন্ধনের জন্য ঢাকা মহানগরের প্রতিটি থানা ও পুলিশ ফাঁড়ি থেকে সিআইএমএস ফরম সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। জমা দেওয়ার আগে নিজের কাছে একটি ফটোকপি সংরক্ষণ রাখার পরামর্শ দিয়েছে পুলিশ।

ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীর প্রতিটি থানা একাধিক বিটে বিভক্ত। প্রতিটি বিটে দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারের সঙ্গে প্রয়োজনে নাগরিকরা সরাসরি যোগাযোগ করে পুলিশি সহায়তা নিতে পারবেন। কেউ ঠিকানা পরিবর্তন করলে নতুন এলাকার সংশ্লিষ্ট থানায় পুনরায় নিবন্ধন করতে হবে।

পুলিশের মতে, সিআইএমএসে নিবন্ধনের মাধ্যমে বাড়িওয়ালারা ভাড়াটিয়ার পরিচয় যাচাই করতে পারবেন। এতে অপরাধী বা প্রতারকদের আশ্রয় নেওয়ার সুযোগ কমবে এবং বাড়িওয়ালারাও অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা পাবেন। অন্যদিকে ভাড়াটিয়ারাও প্রয়োজনের সময় দ্রুত আইনগত সহায়তা ও পরিচয় যাচাইসংক্রান্ত সুবিধা পাবেন।

ডিএমপি জানিয়েছে, সিআইএমএসের তথ্যভান্ডার অপরাধ তদন্তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিবন্ধিত তথ্য ব্যবহার করে পলাতক অপরাধী শনাক্ত, সন্দেহভাজনদের তথ্য যাচাই এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হচ্ছে। পাশাপাশি জনগণ ও পুলিশের মধ্যে সমন্বয় ও আস্থা আরও বাড়ছে।

নিরাপদ, স্মার্ট ও অপরাধমুক্ত ঢাকা গড়ে তুলতে রাজধানীর সব বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও মেস সদস্যকে সিআইএমএসে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন