শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী বিভাগ চাই স্লোগানে মুখর শাহবাগ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর শাহবাগে নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ‘চকবাজার স্টাফ সমিতি সংগঠন’-এর ব্যানারে শতাধিক তরুণ-যুবক এই কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভকারীরা “দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই” স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে সমবেত হন এবং বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন করেন।

অংশগ্রহণকারীদের দাবি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরসহ আশপাশের কয়েকটি জেলা নিয়ে গঠন করতে হবে নতুন ‘নোয়াখালী বিভাগ’।

বক্তারা বলেন, নোয়াখালী অঞ্চলের মানুষ বহুদিন ধরে প্রশাসনিক সেবা ও উন্নয়ন সুযোগ থেকে বঞ্চিত। স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও অবকাঠামো খাতে সুষম উন্নয়ন নিশ্চিত করতে নোয়াখালী বিভাগ গঠন এখন সময়ের অনিবার্য দাবি।

একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও এই দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন। সম্প্রতি ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, ইতালি শাখা’ স্মারকলিপি দিয়েছে। সংগঠনের আহ্বায়ক আব্দুল মান্নান হীরা ও সদস্যসচিব সাংবাদিক জায়দুল হক সোহেলের নেতৃত্বে স্মারকলিপিটি প্রদান করা হয়।

উল্লেখ্য, সরকার বর্তমানে দুটি নতুন প্রশাসনিক বিভাগ—ফরিদপুর ও কুমিল্লা—গঠনের প্রক্রিয়ায় রয়েছে। গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে এই দুটি বিভাগ এবং দুটি নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।

তবে এই সিদ্ধান্তের পর থেকেই নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি আরও জোরালো হয়ে উঠেছে। স্থানীয়দের অভিমত, কুমিল্লা বিভাগের অংশ না করে নোয়াখালীকে স্বাধীন প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা দিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন