রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:৪৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। এর আগে গতকাল শনিবার (৬ জুন) রাতে ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

এফসিপিএস প্রশিক্ষণ নীতিমালা সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈষম্যমূলক ও অযৌক্তিক প্রস্তাবের বিরুদ্ধে এই কর্মবিরতি বলে জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে ভর্তি পরীক্ষার অতিরিক্ত ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের অপ্রতুল ভাতা, কর্মস্থলে নিরাপত্তাহীনতা এবং বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর অনিশ্চয়তার বিষয়টিও উঠে এসেছে। বিজ্ঞপ্তিতে ইন্টার্ন চিকিৎসকরা জানান, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নোটিশ, স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬-এ উত্থাপিত ‘বৈষম্যমূলক ও অযৌক্তিক প্রস্তাবগুলোর’ বিরুদ্ধে চিকিৎসক সমাজের পক্ষ থেকে সুস্পষ্ট দাবি জানানো হয়েছিল। বিশেষ করে এফসিপিএস কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের বেতন কাঠামোতে বৈষম্য সৃষ্টি, ভর্তি পরীক্ষার অতিরিক্ত ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের অপ্রতুল বেতন, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা এবং বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর অনিশ্চয়তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি। এতে বলা হয়, বারবার দাবি উত্থাপন, প্রতিবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও এখন পর্যন্ত আমাদের ন্যায্য দাবিগুলো পূরণে কোনো দৃশ্যমান, কার্যকর ও সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। চিকিৎসকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা এবং মানসম্মত চিকিৎসা শিক্ষার পরিবেশ নিশ্চিত না করে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়। ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক সমাজের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান থাকবে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবি— ১. স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করতে হবে। ২. বিএমইউ, বিসিপিএস-এর ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে এক হাজার টাকার মধ্যে আনতে হবে। ৩. নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন আনুষঙ্গিক ভাতাসহ ৯ম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করে প্রতি মাসের বেতন প্রতি মাসেই পরিশোধ করতে হবে। ৪. ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে। ৫. বিসিএস স্বাস্থ্য চাকরি প্রবেশের বয়স সীমা পূর্বের ন্যায় জেনারেলদের চেয়ে ২ বছর বেশি অর্থাৎ ৩৪ করতে হবে। ৬. বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে (শ্রম আইন ২০০৬-এর যথাযথ প্রয়োগ এবং পে-স্কেলের আদর্শ মেনে)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন