রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার থেকেই বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: মেট্রোরেল
expand
ছবি: মেট্রোরেল

যাত্রী সুবিধা বিবেচনায় আগামীকাল রোববার (৭ জুন) থেকে রাতে ২০ মিনিট করে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হচ্ছে। ফলে রাতে মতিঝিল থেকে উত্তরার দিকে সর্বশেষ ট্রেন ছাড়বে সাড়ে ১০টায়। অন্যদিকে উত্তরা থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯টা ৫০মিনিটে।

রাতে সময় বাড়ানোর লক্ষ্যে গত এক মাস পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সংস্থাটি জানিয়েছে, শুরুতে বাড়তি ২০ মিনিটে মেট্রোরেল একটি ট্রিপ দেবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী ও অন্যটি উত্তরামুখী চলাচল করবে। ফলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের মাঝখানে বিরতি থাকবে ১০ মিনিটের।

তবে মতিঝিল থেকে রাত ১১টায় সর্বশেষ ট্রেন চালানোর একটা পরিকল্পনা ছিল মেট্রোরেল কতৃপক্ষের। অন্যদিকে উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়ার পরিকল্পনা ছিল ১০টার পরে। কিন্তু প্রথম ধাপেই এ সময় বাড়ানোর ফলে যাত্রীসল্পতার আশঙ্কা করা হচ্ছিল। তাই রোববার থেকে উভয় দিকে ২০ মিনিট করে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে প্রতিদিন সকালে সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়। সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন