সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পহেলা বৈশাখে ঢাকার যেসব পথে চলবে যানবাহন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ সময় ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাইভারশন ও ব্যারিকেড বসানো হবে।

ডাইভারশন পয়েন্টগুলো হলো— বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পুলিশ ভবন, সুগন্ধা, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল, রোমানা, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য, নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহন বাংলামোটর বা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ঘুরে মগবাজার বা মিন্টো রোড হয়ে চলাচল করবে। গোলাপশাহ মাজার ও হাইকোর্ট এলাকা থেকে শাহবাগগামী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিংগেল হয়ে গন্তব্যে যাবে।

এ ছাড়া সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর-চাঁনখারপুল-বকশীবাজার হয়ে চলাচল করবে। বিকল্প হিসেবে বাটা সিগন্যাল-কাঁটাবন-নীলক্ষেত-পলাশী রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে— নেভী গ্যাপ থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত সড়ক, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা এলাকা, কাঁটাবন থেকে পলাশী পর্যন্ত সড়কের পশ্চিম পাশ এবং আ. গণি রোড ও সচিবালয় লিংক রোড।

নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানস্থলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল টিম, নৌ-পুলিশের ডুবুরি দল এবং টুরিস্ট পুলিশের সেবা কেন্দ্র মোতায়েন থাকবে। পাশাপাশি সিটি কর্পোরেশন মোবাইল টয়লেটের ব্যবস্থাও রাখবে।

কোনো সন্দেহজনক বা অপ্রীতিকর ঘটনা নজরে এলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা ডিএমপি কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন