সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে দাম কমলো স্বর্ণের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

বিশ্ববাজারে প্রায় এক সপ্তাহে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্বর্ণের দাম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ভেসে যাওয়ার পর নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কায় ডলার ও তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে স্বর্ণের বাজারে এমন প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোমবার (১৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে ৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় এই দাম। আর জুনে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে নেমে আসে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির আশা ধাক্কা খেয়েছে। এর ফলে ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণে বিনিয়োগ কমেছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ১১ শতাংশের বেশি কমেছে স্বর্ণের দাম। ওয়াটারার আরও বলেন, তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর সম্ভাবনা সামনে আসে। মূলত, এই সুদের হার সংক্রান্ত প্রত্যাশাই স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলছে।

স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামও কমে গেছে বিশ্ববাজারে। এর মধ্যে রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। একইভাবে প্লাটিনামের দামও ০ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ৩৪ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। তবে, প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা বেচাকেনা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন