রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৬ জেলায় তাপপ্রবাহ, যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশের ১৬টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১২ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানায়, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে বর্তমানে তাপপ্রবাহ বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

পরবর্তী কয়েক দিনের পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবার (১৬ এপ্রিল) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

সার্বিকভাবে আগামী কয়েক দিনে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন না হলেও উষ্ণতা অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন