

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রকল্প পরিচালককে (পিডি) কার্যালয়ে ঢুকে গালিগালাজ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবিরের বিরুদ্ধে।
বুধবার (১১ মার্চ) দুপুরে খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রথম ভবনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার বর্তমানে ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন।
ঘটনার বর্ণনা দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর নিজের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ জানিয়ে আবেদন করেছেন।
তিনি আবেদনে লেখেন, আজ (বুধবার) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে বি এম আলমগীর কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তার কক্ষে (কক্ষ নং-৭১৭) প্রবেশ করে। এসময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং জীবননাশের হুমকি প্রদান করে।
আবেদনপত্রে ড. কাইয়ূম মজুমদার উল্লেখ করেন, এরূপ অবস্থায় চরম নিরাপত্তাহীনতার কারণে অফিসের স্বাভাবিক কার্যক্রম চালানো ব্যাহত হচ্ছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, এ ধরনের চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি খুবই অনাকাঙ্ক্ষিত এবং শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা বিএম আলমগীর কবির গণমাধ্যমকে বলেন, ‘ওই পিডি আওয়ামী ফ্যাসিবাদের দোসর। তিনি যে অভিযোগ তুলেছেন সেটি ভিত্তিহীন।’
ছাত্রদল নেতা আলমগীর কবির আরও বলেন, ‘মূলত পিডি আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন কাজ করে থাকেন সেসব কাজে আমাদের দলীয় কিছু লোককে কাজ দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু পিডি মোটেই কোনো সাড়া দেননি। সেজন্য আবারও কথা বলতে গিয়েছিলাম। তিনি যা বলেছেন তা মিথ্যা।’
মন্তব্য করুন