রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের দিন চলবে মেট্রোরেল, ছুটি বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
expand

ভোটের দিন যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাড়তি মেট্রো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ভোটারদের ভোটাধিকার প্রয়োগ সহজ করতে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হয়ে টানা চার দিনের ছুটি মিলছে। এই সময়ে রাজধানীতে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুটির দিনগুলোতেও মেট্রো ট্রেন স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে।

ভোটের দিন যাত্রী চাপ বিবেচনায় অতিরিক্ত ট্রেন চালানো হবে। এতে যাত্রীদের কোনো ভোগান্তি হবে না।

ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোট উপলক্ষে ছুটির দিনগুলোতেও কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে।

তবে নিরাপত্তার কারণে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে কাছে অবস্থিত, সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো যাত্রীদের জন্য খোলা থাকবে।

নির্বাচনকালীন সময়ে মেট্রো ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব ইউনিটে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ছাড়া) বাতিল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank