সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের এক সিদ্ধান্তে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৫:৫০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা দুই সপ্তাহের সামরিক অভিযানের পর তা সাময়িক স্থগিত করার ঘোষণায় আন্তর্জাতিক তেলবাজারে স্বস্তি ফিরেছে। সংঘাত কমার সম্ভাবনা তৈরি হওয়ায় সোমবার (২৭ জুলাই) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশের বেশি কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫ দশমিক ৭৭ শতাংশ কমে ৯১ দশমিক ২০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কিছুটা কমেছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়।

যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ এড হির্স সতর্ক করে বলেছেন, উপসাগরীয় অঞ্চলে সংঘাত আবার বেড়ে গেলে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হির্স বলেন, বর্তমানে তেলের ভবিষ্যৎ সরবরাহভিত্তিক বাজারের তুলনায় তাৎক্ষণিক সরবরাহের বাজারে বেশি চাপ দেখা যাচ্ছে। প্রকৃত সংকটের চিত্র বুঝতে হলে স্পট মার্কেটের পরিস্থিতি বিবেচনা করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহে বড় ধরনের বাধা তৈরি হলে বিশ্বের বর্তমান মজুত দিয়ে দীর্ঘ সময় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে। যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুতও বর্তমান ব্যবহারের হারে সীমিত সময়ের জন্য সহায়তা দিতে পারবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন