

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন থেকে তাদের সুবিধাভোগীদের আর্থিক সহায়তা ও প্রণোদনা সরাসরি বিকাশের মাধ্যমে প্রদান করবে। এর ফলে মাঠপর্যায়ে এফএও-এর আর্থিক ব্যবস্থাপনা যেমন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে তেমনি সুবিধাভোগীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে সহায়তা পেয়ে যাবেন, যা তারা জরুরিসহ দৈনন্দিন প্রয়োজনে কাজে লাগাতে পারবেন।
সম্প্রতি ঢাকায় এফএও বাংলাদেশ কান্ট্রি অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএও’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াকুন শি, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দিয়া স্যানো, অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ (অ্যাডমিনিস্ট্রেশন) একরামুল হক এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অফ বিজনেস সেলস মাশরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের ভিপি (মাইক্রো ফাইন্যান্স পেমেন্ট) নোভেরা আয়েশা জামান।
এই চুক্তির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, জেলে, খামারি ও দিনমজুরসহ যেকোনো জনগোষ্ঠীর কাছে শর্তহীন আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিকাশের ‘ডিসবার্সমেন্ট সল্যুশন’ ব্যবহার করবে এফএও। প্রাকৃতিক দুর্যোগ যেকোনো সময় ঘটতে পারে বিবেচনায় সাপ্তাহিক বা যেকোনো ছুটির দিনেও তাৎক্ষণিকভাবে বিকাশের এই সেবার মাধ্যমে অর্থ বিতরণ করতে সক্ষম হবে এফএও। এই তাৎক্ষণিক সহায়তা ক্ষতিগ্রস্তদের জরুরি প্রয়োজন মেটাতে এবং দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।
পাশাপাশি, এফএও ‘ক্যাশ-ফর-ওয়ার্ক (সিএফডাব্লিউ)’ বা ‘কাজের বিনিময়ে অর্থ’ কর্মসূচিতেও বিকাশ-এর ‘ডিসবার্সমেন্ট সল্যুশন’ ব্যবহৃত হবে। এই কর্মসূচির আওতায় কৃষি, খাদ্য নিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় স্বল্পমেয়াদি কাজ করা প্রান্তিক ও ঝুঁকিতে থাকা মানুষেরা তাদের মজুরি সরাসরি নিজেদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মজুরি বিতরণের এই প্রক্রিয়াটি সরাসরি ও সহজ হওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবনমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
এছাড়াও এই কর্মসূচির পরিচালনাকারীরাও তাদের ভাতা বিকাশের মাধ্যমে গ্রহণ করার সুযোগ পাবেন।
দেশে ছড়িয়ে থাকা যেকোনো বিকাশ এজেন্ট পয়েন্ট অথবা এটিএম বুথ থেকে ক্যাশ আউট করে সহায়তার অর্থ তুলে নিতে পারবেন সুবিধাভোগীরা। এছাড়া ক্যাশ আউট না করেও তাঁরা বিকাশের মাধ্যমেই বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন ঘরে বসেই।
মন্তব্য করুন
