

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর উপজেলায় টানা দুই দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। যানবাহন চলাচলও সীমিত হওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) থেকে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এ দুই উপজেলায় বিদ্যুৎ না থাকায় বাংলালিংক, রবি, এয়ারটেল ও গ্রামীণফোনসহ সব মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হচ্ছে। ফলে স্থানীয়রা মোবাইল যোগাযোগ ও ইন্টারনেট সেবা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে দিনে মাত্র অল্প সময় বিদ্যুৎ পাওয়া গেলেও তা স্থিতিশীল নয়। বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে এবং রাস্তায় যানবাহনও খুব কম চলছে। ব্যাটারিচালিত ইজিবাইকগুলো চার্জ না দিতে পারায় পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে কোথাও কোথাও ১০ টাকার ভাড়া ৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
ইজিবাইক চালক স্বাধীন মিয়া বলেন, বিদ্যুৎ না থাকায় ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে কাজ বন্ধ হয়ে গেছে। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এসব শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বলে তিনি জানান।
এদিকে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরাও সমস্যায় পড়েছেন। তারা জানান, বিদ্যুৎ না থাকায় রাতে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য যানবাহন পাওয়া যাচ্ছে না। যেসব যানবাহন পাওয়া যাচ্ছে, সেগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাফিউর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চর রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খানও জানান, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে পল্লীবিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বিদ্যুৎ বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।
মন্তব্য করুন