সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিল র‌্যাব, গ্রেপ্তার ৫ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৬ পিএম আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীকে নৃশংসভাবে হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর ক্লুলেস এই হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছে র‍্যাব।

সোমবার (২৭ এপ্রিল) কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

ইন্তেখাব চৌধুরী জানান, এই খুনের সঙ্গে জড়িত পাঁচ সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্র। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেটের জীবন কেড়ে নেয়। জড়িত সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা।

তিনি আরও জানান, হত্যার সঙ্গে জড়িত চক্রের সদস্যরা বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল ফোনসেট, ব্যাগ, ও অল্প কিছু টাকা ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। প্রচণ্ড আঘাতজনিত কারণে মারা যান তিনি।

চট্টগ্রাম থেকে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। শেষ পর্যন্ত তার আর বাসায় ফেরা হয়নি। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

চাঞ্চল্যকর এই খুনের ঘটনা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র‍্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই। রোববার (২৬ এপ্রিল) রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ৪১তম বিসিএস নন–ক্যাডার পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দিয়েছিলেন। এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন