সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পদ্মা ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মোতালেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দায়িত্ব নেওয়ার পর নতুন কমিশনের অনুমোদন দেওয়া এটিই প্রথম মামলা।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

তিনি জানান, এম এইচ এন্টারপ্রাইজের কর্ণধার মমিনুর রহমান ভুয়া কাগজপত্র তৈরি করে পদ্মা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে। আত্মসাতে সহযোগিতার অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক এমডি আব্দুল মোতালেব পাটোয়ারীসহ আরও নয়জনকে আসামি করা হয়েছে।

গত ১৯ আগস্ট দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব নেয়। সাড়ে পাঁচ মাস কমিশনশূন্য থাকার পর নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর কার্যক্রম শুরু করে।

এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক বিশেষ প্রতিনিধি ফারজানা রূপার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক।

দুদক জানিয়েছে, ভিন্ন মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রূপা বর্তমানে কারাগারে থাকায় সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে তাঁদের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হবে।

নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর প্রথম মামলা অনুমোদনের পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক দম্পতির সম্পদ বিবরণী চাওয়ার এই উদ্যোগের তথ্যও রোববার প্রকাশ করে দুদক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন