

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নতুন অর্থবছর থেকে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যক্তির জন্য কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন।
প্রস্তাব অনুযায়ী, টিআইএন ছাড়া নতুন ব্যাংক হিসাব খোলা যাবে না। একই সঙ্গে বিদ্যমান হিসাব সচল রাখার ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য হবে। তবে শিক্ষার্থী, ভাতা-প্রাপ্ত ব্যক্তি এবং কর অব্যাহতি পাওয়া শ্রেণির মানুষ এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন।
ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন নম্বর (ভ্যাট আইডি) বাধ্যতামূলক করার প্রস্তাবও রাখা হয়েছে।
অর্থনীতিবিদ ও ব্যাংক খাতসংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কড়াকড়ি নিয়ম কার্যকর হলে ব্যাংক হিসাবের সংখ্যা কমে যেতে পারে। পাশাপাশি নগদ লেনদেন বেড়ে গিয়ে ক্যাশলেস অর্থনীতির লক্ষ্য বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, সব দায়িত্ব ব্যাংক খাতের ওপর চাপিয়ে দিলে সাধারণ মানুষ ব্যাংক ব্যবস্থার প্রতি আগ্রহ হারাতে পারে। নগদ লেনদেন সহজলভ্য থাকায় অনেকে ব্যাংকিং থেকে সরে যেতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ মনে করেন, টিআইএন বাধ্যতামূলক করার পরিবর্তে ধাপে ধাপে সুবিধার ভিত্তিতে এটি চালু করা যেতে পারে। তার মতে, একটি সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা বেশি কার্যকর হবে।
এদিকে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতিতে কোনো শুল্ক নেই, যা বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে পরবর্তী ধাপে শুল্কহার ও সীমা অপরিবর্তিত রাখা হয়েছে।
