

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি বছরের অক্টোবরের প্রথম ২০ দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ১৭৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অর্থাৎ গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৮ কোটি ৯০ লাখ ডলার।
মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চলতি মাসের ২০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। গত বছর এই সময়ে দেশে এসেছিল ১৬৬ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০ অক্টোবর একদিনেই দেশে এসেছে ৭ কোটি ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯৩৬ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ২০ শতাংশ বেশি।
এর আগে, গত সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, আর জুলাইয়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স (৩০.৩২ বিলিয়ন ডলার), যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।
মন্তব্য করুন
