বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনায় গুরুতর আহত ঢাকাই অভিনেত্রী এলিনা শাম্মী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম
আহত অভিনেত্রী এলিনা শাম্মী
expand

অভিনেত্রী এলিনা শাম্মী এক ভয়াবহ ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার কপাল ও মাথার সামনের অংশ চিরে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার আঘাতপ্রাপ্ত স্থানে ১৫টি সেলাই দেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্যান্ডেজ পরা দুটি ছবি পোস্ট করে তিনি এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ঘটনার সূত্রপাত ঘটে বুধবার সন্ধ্যায়। পরদিন নির্মাতা সাজ্জাদ সুমনের ‘খুশবু’ ধারাবাহিক নাটকের শুটিং থাকায় কেনাকাটার উদ্দেশ্যে তিনি বাইরে বের হয়ে একটি অটোরিকশায় ওঠেন।

চালকের বেপরোয়া গতি দেখে শুরু থেকেই তিনি আতঙ্কিত ছিলেন এবং বারবার তাকে গাড়ি আস্তে চালানোর অনুরোধ জানাচ্ছিলেন। কিন্তু চালক তার কথায় কোনো তোয়াক্কা না করে তীব্র গতিতে অটোরিকশা চালাতে থাকেন।

চলন্ত অবস্থায় অটোরিকশার সরু চাকাটি রাস্তার ওপর থাকা একটি ইট বা পাথরের ওপর উঠে গেলে গাড়িটি মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলে। চালক ছিটকে একদিকে পড়ে যান এবং এলিনা শাম্মী ছিটকে রাস্তায় পড়ে গেলে পুরো অটোরিকশাটি তার গায়ের ওপর এসে পড়ে।

এ সময় গাড়ির চাকার একটি তীক্ষ্ণ স্ক্রু তার কপাল চিরে ফেলে, ফলে কাচের পাত্র ভেঙে পানি পড়ার মতো অবিরত রক্তক্ষরণ শুরু হয়।

এই সংকটজনক পরিস্থিতিতেও তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। রক্তাক্ত অবস্থায় নিজেই হ্যান্ডব্যাগটি শক্ত করে চেপে ধরে অন্য একটি রিকশায় করে হাসপাতালে পৌঁছান। সেখানে জরুরি চিকিৎসার মাধ্যমে তার ক্ষতে ১৫টি সেলাই দেওয়া হয়।

এই অভিজ্ঞতা থেকে ক্ষোভ প্রকাশ করে এলিনা শাম্মী অটোরিকশাকে একটি ‘মৃত্যুফাঁদ’ ও ‘দানব বাহন’ হিসেবে আখ্যা দেন এবং প্রশ্ন তোলেন- সাধারণ মানুষের এই বিপুল ক্ষতির দায়ভার আসলে কে নেবে?

ভয়াবহ এই দুর্ঘটনার পর জীবন বেঁচে যাওয়ায় মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি জানান, আঘাতের তীব্রতা দেখে মনে হয়েছে আরও বড় কোনো বিপর্যয় ঘটে যেতে পারত, ঈশ্বর তাকে নতুন জীবন দান করেছেন।

বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থতার পথে রয়েছেন এবং দ্রুত সেরে ওঠার জন্য ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank