শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:২৩ পিএম
এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
expand
এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। এক দিনের ব্যবধানে ভরিপ্রতি ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা-যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণার কথা জানায়। বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হবে নতুন দর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী,

  • ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা,
  • ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা,
  • ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা,
  • আর সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।

বাজুস জানায়, স্বর্ণ বিক্রির সময় ক্রেতাদের সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার মান ও ডিজাইনের ভিন্নতার কারণে মজুরি কিছুটা ওঠানামা করতে পারে।

এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৬৫ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, এর মধ্যে ৪৭ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। আগের বছর ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বৃদ্ধি ও ২৭ বার হ্রাস করা হয়।

অন্যদিকে, রুপার দামে এবার কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এ ছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৮০২ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন