বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

টাঙ্গাইলে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার সড়ক সংস্কার ও ৮টি ব্রিজ-কালভার্টের অ্যাপ্রোচে ব্লক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন ব্লকের পরিবর্তে পুরাতন ব্লক ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

তবে এলজিইডি বলছে, যেখানে নতুন ব্লক ব্যবহারের কথা সেখানে পুরাতন ব্লক ব্যবহার করলে বিল পরিশোধ করা হবে না। যমুনার চরাঞ্চল থেকে জেলা শহরে আসার এই সড়কটি টাঙ্গাইল সদর উপজেলার একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে শিবপুর থেকে ওমরপুর পর্যন্ত ১৩ ফুট প্রশস্ত সড়কটি ১৬ ফুটে উন্নীত করা হচ্ছে। একই সঙ্গে সড়কের ৮টি ব্রিজ ও কালভার্টের অ্যাপ্রোচে ব্লক বসানোর কাজও চলছে।

কিন্তু কাজের শুরু থেকেই স্থানীয়দের অভিযোগ, নতুন উপকরণের পরিবর্তে আগেই ব্যবহৃত পুরাতন ও নিম্নমানের ইট দিয়ে রাস্তার সম্প্রসারণের কাজ করা হচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

অভিযোগ উঠেছে ৮টি ব্রিজ ও কালভার্টের মধ্যে ৫টিতে পুরাতন ব্লক পরিষ্কার করে পুনরায় বসানো হচ্ছে। বাকি ৩টিতে নতুন ব্লক ব্যবহারের কথা থাকলেও বাস্তবে একটি ব্রিজের পুরাতন ব্লক খুলে পাশের ব্রিজে পুনরায় ব্যবহার করতে দেখা যায় ঠিকাদারি প্রতিষ্ঠান লৌহজং এন্টারপ্রাইজের শ্রমিকদের।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্টদের যোগসাজশে নতুন ব্লকের পরিবর্তে পুরাতন ব্লক ব্যবহার করে নিম্নমানের কাজ করা হচ্ছে।

এ ব্যাপারে টাংগাইল সদর উপজেলা এলজিডি প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন বলেন, "স্বল্প বাজেটের কারনে নতুন ইটের পাশা পাশি আগে ব্যবহৃত পুরাতন ইট ব্যবহার করতে পারবে। তবে যেসব স্থানে নতুন ব্লক ব্যবহারের কথা, সেখানে পুরাতন ব্লক ব্যবহার করা হলে কোনো বিল পরিশোধ করা হবে না বলে জানান তিনি।

স্থানীয়রা বলেন, কোটি টাকার এই প্রকল্পে নতুন উপকরণ ব্যবহারের কথা থাকলেও মাঠে দেখা মিলছে পুরাতন ব্লক ও ব্যবহৃত ইটের। তাদের আসংখ্যা এখনই কার্যকর তদারকি না হলে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদে ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন