সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম
মির্জাপুরের কবরস্থান
expand
মির্জাপুরের কবরস্থান

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর পুরাতন কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে মরদেহের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জুলাই) রাতে কবর খুঁড়ে চুরি করে নিয়ে যায় কঙ্কাল।

স্থানীয়দের দাবি, কবর খুঁড়ে মরদেহের মাংস আলাদা করে শুধু কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কবরস্থানের কয়েকটি কবরের মাটি অস্বাভাবিকভাবে খোঁড়া অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে কবরগুলো পরীক্ষা করে পাঁচটি কবর থেকে কংকাল নিখোঁজ থাকার অভিযোগ ওঠে।

আলীম, হাবীব, বিল্লালসহ আরোও স্থানীয়দের মতে, কবরের ভেতরে মরদেহের অবশিষ্টাংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। ঘটনার খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ কবরস্থানে ভীড় করেন। অনেক স্বজন তাদের প্রিয়জনের কবরের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন।

তারা আরোও জানান, এটি একটি সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত কর্মকাণ্ড।দীর্ঘদিন ধরে কবরস্থানটিতে কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা এ সুযোগ নিয়েছে বলেও অভিযোগ করেন।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে,স্থানীয়দের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন