

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের শাহপরান এলাকায় একটি পারিবারিক বিরোধের ভিডিও মোবাইলে সংরক্ষণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় উত্তেজিত জনতার হামলায় শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি টহল গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন সাতজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের তথ্যে জানা যায়, ফয়সাল নামে এক ব্যক্তির মোবাইলে একটি পরিবারের ঝগড়ার ভিডিও ছিল। এলাকাবাসীর কয়েকজন তাকে ভিডিওটি মুছে ফেলতে বলেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তাকে একটি দোকানে আটকে রাখেন।
সংবাদ পেয়ে প্রথমে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ওসি মনির হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে ফয়সালকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।
হামলায় ওসি মনির হোসেনসহ দুই কনস্টেবল আহত হন। এ সময় পুলিশের একটি টহল গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম জানান, “একটি পারিবারিক ঝগড়ার ভিডিও সংরক্ষণকে কেন্দ্র করেই মূলত এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত ও পরিস্থিতি শান্ত রাখতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
মন্তব্য করুন
